ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বিদেশিরা না, ক্ষমতায় বসাবে এদেশের জনগণ : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নতজানু, ভঙ্গুর ও পরনির্ভর একটি রাজনৈতিক দল। তারা জনগণের কাছে না গিয়ে, বিদেশি আর বিদেশি দূতাবাসের কাছে যায়। তিনি বলেন, ক্ষমতায় বিদেশিরা বসাবে না, ক্ষমতায় বসাবে এদেশের জনগণ। বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে তার দফতরে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।


ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ প্রথম দিকে অস্বীকার করলেও এখন স্বীকার করছে। এখন বলছে প্রবাসী একজন বাংলাদেশি এ কাজ করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে বলেন, ওই প্রবাসী বাংলাদেশি কে? তার পরিচয় কেন প্রকাশ করেননি?


বিএনপি নেতারা বলেছেন, এ ধরনের কার্যক্রমে তাদের নৈতিক সমর্থন আছে ও তারা এতে সংহতি প্রকাশ করেন। ওবায়দুল কাদের মনে করেন, এ থেকেই সবকিছু স্পষ্ট হয়। জনগণ এসব কৌশলী জবাব, কথামালার চাতুরিতে বিভ্রান্ত হয় না।


বিএনপি মহাসচিবের ডেভেলপমেন্ট পার্টনারদের কাছে চিঠি লেখা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের ভাষায় নাকি মানবাধিকার আর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য চিঠি লিখেছেন। অন্তত চিঠি লেখার কথাতো স্বীকার করেছেন!


ওবায়দুল কাদের আবারও প্রশ্ন রেখে বলেন, তারা কথায় কথায় সার্বভৌমত্বের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন। তবে কি বিদেশিদের কাছে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানানো স্বাধীন দেশের রাজনৈতিক দলের কাজ হতে পারে?


যারা জীবন্ত মানুষকে পেট্রোল বোমায় পুড়িয়ে মারে, সংখ্যালঘুদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালায়, হাওয়া ভবনের নামে অনিয়ম আর লুটপাট চালায়, তারাই আজ মানবাধিকারের কথা বলে-যা শুনলে হাসি পায়।


আন্দোলন ও নির্বাচনে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি আবার লুটপাটের নেশায় ক্ষমতায় যেতে বিদেশিদের হস্তক্ষেপ চায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এটি বিএনপির মতো মেরুদণ্ডহীন এবং জনগণের সঙ্গে সম্পর্কহীন রাজনৈতিক দলের পক্ষেই সম্ভব।


বিদেশে নাকি বাংলাদেশ গণতন্ত্রহীন, ন্যায়বিচারহীন দেশ হিসেবে পরিচিত-বিএনপি নেতাদের এমন অর্থহীন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের উত্তরণ বিএনপি চোখে দেখে না।


তিনি বলেন, বাংলাদেশকে যখন উন্নয়ন ও অর্জনের রোল মডেল বলা হয় তখন বিএনপি কানে শোনে না। বিএনপি চায় এদেশ সমস্যা জর্জরিত রক্তাক্ত জনপদ হয়ে যাক, মুক্তিযুদ্ধের বিরোধী স্রোতধারায় চলুক।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে অব্যাহত অগ্রযাত্রা, তা অদম্য গতিতে এগিয়ে যাবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ আর কোনো দিন বিএনপির সেই অন্ধকার যুগে ফিরে যাবে না।

ads
ads
ads

Our Facebook Page

↑